সারাদেশ
সূর্যাস্তের আগেই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, তারেক রহমানের পক্ষে বিএনপির শ্রদ্ধা
- আপডেট সময় : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ২১৮০ বার পড়া হয়েছে
নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। তবে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে সূর্যাস্তের আগে সময়সীমা থাকায় বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি আরও বলেন, “তিনি কিছুক্ষণ পরেই এখানে উপস্থিত হবেন।”
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-২০ (ধামরাই) আসনের মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ দলীয় নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


























