ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে তারেক রহমান
- আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২১০৯ বার পড়া হয়েছে
ভোটার হতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এ জন্য তিনি ও তার মেয়ে জাইমা রহমান ইতোমধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারেক রহমান নির্বাচন কমিশনে পৌঁছান।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবরে জিয়ারত করেন তিনি। বেলা ১১টা ২৫ মিনিটে তার গাড়িবহর ঢাবি প্রাঙ্গণে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মোনাজাতে অংশ নেন তারেক রহমান। একই সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক ও অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরুদ্দিন নাছিরসহ বিশ্ববিদ্যালয় ও ছাত্রসংগঠনের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে এনআইডি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
এদিন সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তিনি। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
প্রায় দেড় যুগের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে সারা দেশ থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারত করেন। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি।
পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।




























