বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার, পাশে ছেঁড়া বিদ্যুতের তার
- আপডেট সময় : ০১:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাইনাদি মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ির উঠোন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আশরাফ উদ্দিন জানান, রফিক মিয়ার বাড়ির উঠোনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, পার্শ্ববর্তী একটি খেলার মাঠ থেকে নিহত যুবকের একটি জুতা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ছেঁড়া বৈদ্যুতিক তার, একটি টেস্টার ও একটি প্লাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান পাইনাদি মধ্যপাড়া এলাকার ফজল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত আব্দুল আজিজ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানকার একটি বাড়ির হাইভোল্টেজ বৈদ্যুতিক তার কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে টেস্টার ও প্লাস উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন চুরির উদ্দেশ্যে তার বিচ্ছিন্ন করতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















