এলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
- আপডেট সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নতুন যুক্ত হওয়া দল দুটি হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
রোববার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নেতা আহমদ আব্দুল কাদের, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটভুক্ত আট দলের শীর্ষ নেতারা। তবে এদিন এনসিপির কোনো প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘একটু আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তবে অনিবার্য কারণে তারা এই মুহূর্তে উপস্থিত থাকতে পারেনি।’
তিনি আরও জানান, এনসিপি শিগগিরই আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটে যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।




























