এনসিপি থেকে পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন সামান্তা শারমিন
- আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ২১২৬ বার পড়া হয়েছে
এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, এনসিপির আনুষ্ঠানিক সব বয়ানের সঙ্গে তিনি একমত এবং তা-ই অনুসরণ করেন। ব্যক্তিগতভাবে কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি এখনো সঠিক অবস্থানেই রয়েছে।
রোববার (আজ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, জামায়াতে ইসলামীর এক প্রেস কনফারেন্স থেকে তিনি জানতে পেরেছেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। তবে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী এমনটি হওয়ার কথা ছিল না। তিনি আরও উল্লেখ করেন, জোটের তিন শরিকের একটি—রাষ্ট্র সংস্কার আন্দোলন—ইতোমধ্যে এনসিপির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে এবং আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়ে আসন সমঝোতার দিকে যাওয়ার কথাও বলেছে।
তিনি বলেন, তৃতীয় শক্তি গঠনের উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। তবে তিনি এনসিপির এতদিনের আনুষ্ঠানিক অবস্থান ও বক্তব্যকে ধারণ করেন এবং তা স্বাগত জানান।
দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুতি প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, জাতীয় নাগরিক পার্টির কিছু ব্যক্তি কয়েকটি আসনের বিনিময়ে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে দলের মূল লক্ষ্য থেকে সরে গেছেন।
পদত্যাগ প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, তিনি এনসিপি থেকে পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখেন না, কারণ তিনি দলের আনুষ্ঠানিক সব অবস্থানেই আস্থা রাখেন।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জোটের আলোচনা সামনে আসার পর গত ২৫ ডিসেম্বর প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিল সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচনে অংশ নেবেন না বলে জানান। এর পরদিন ২৭ ডিসেম্বর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেন। আজ পদত্যাগের ঘোষণা দেন তাসনুভা জাবীনও।




























