মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, শতাধিক আহত
- আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৬২ বার পড়া হয়েছে
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে এক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেক্সিকো নৌবাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি নিজান্দা শহরের কাছে। ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী রুটে চলছিল। এতে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি বাঁক ঘোরার সময় ট্রেন লাইনচ্যুত হয়।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
দূর্ঘটনার ছবি থেকে দেখা গেছে, উদ্ধারকর্মীরা কাত হয়ে পড়া ট্রেন থেকে যাত্রীদের নামতে সহায়তা করছেন। নৌবাহিনী জানিয়েছে, ইন্টারওশেনিক ট্রেনে দুটি লোকোমোটিভ এবং চারটি যাত্রীবাহী বগি ছিল।
ওয়াহাকা রাজ্যের গভর্নর সলোমোন জারা ক্রুজ শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফেডারেল সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দিয়েছেন।
মেক্সিকো সরকার আঞ্চলিক অর্থনীতি উন্নয়নের জন্য দুই বছর আগে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের উদ্যোগে এই ইন্টারওশেনিক রেল সংযোগ চালু করে। রেলটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আঞ্চলিক বাণিজ্য করিডোর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



























