পাবনায় ঘরে ঢুকে বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৪৮ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামে রবিবার সন্ধ্যায় রহিমা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত রহিমা ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী ছিলেন। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী এবং কবিরাজি পেশায় নিয়োজিত ছিলেন।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের সময় নিজ বাড়ি থেকে চিৎকার করে দৌড়ে পাশের আবু হানিফের বাড়িতে পৌঁছান রহিমা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হামলাকারীরা তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। তবে কেউ কেউ মনে করছেন, হয়তো অপরাধীকে চিনে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার জানান, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছে।






















