শোক দিবসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর
- আপডেট সময় : ০২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২১১২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা আলোচনা তৈরি হলেও, পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিইর গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই সব প্রস্তুতি চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন এলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে—এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্যকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


























