ভারতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক শিরোনামে সারজিসের ক্ষোভ প্রকাশ
- আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনামকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের সাক্ষাৎ হলেও সেটিকে ‘গোপন বৈঠক’ হিসেবে উপস্থাপন করা অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত।
সারজিস আলম জানান, সংশ্লিষ্ট তথ্য প্রথমে জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এবং সেখান থেকেই তা দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অথচ কিছু গণমাধ্যম শিরোনামে ‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক’ উল্লেখ করে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের আচরণকে তিনি দলীয় স্বার্থসংশ্লিষ্ট ও পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এদিকে, ভারতের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একই দিন সকালে ফেসবুকে একটি পোস্ট দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পোস্টে তিনি লেখেন, গত ৩১ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না। জবাবে তিনি বলেন, অসুস্থতা কাটিয়ে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বিভিন্ন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সে সময় ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাৎ করেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান আরও জানান, ওই সাক্ষাৎটি গণমাধ্যমে প্রকাশের বিষয়ে ভারতীয় কূটনীতিকরা অনুরোধ করলেও তিনি স্পষ্টভাবে বলেন, ভবিষ্যতে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বৈঠক প্রকাশ্যেই হবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।
বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে ‘গোপন বৈঠক’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করে তিনি এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এর তীব্র নিন্দা করেন।




























