মাদক পাচারের সন্দেহে নৌকায় মার্কিন হামলা, নিহত ৮
- আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌকায় নতুন করে চালানো একাধিক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনের তথাকথিত মাদক পাচারবিরোধী অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১১৫ জনে দাঁড়াল।
মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ও বুধবার দুই দফায় এসব হামলা চালানো হয়। মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে রয়েছে সাউথকম। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় একসঙ্গে চলাচলরত তিনটি ‘নার্কো-ট্রাফিকিং নৌকা’ লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রথম নৌকায় থাকা তিনজন নিহত হন। পরে বাকি দুটি নৌকার আরোহীরা সাগরে ঝাঁপ দিলে তারা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর নৌকা দুটি ডুবিয়ে দেওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সমুদ্রে চলমান নৌকাগুলোতে একের পর এক বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।
এর আগেও ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। সামরিক বাহিনী জানিয়েছে, নৌকাগুলোর আরোহীদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করতে কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। তবে সাগরে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের পরিণতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার আরও দুটি নৌকায় হামলা চালানো হয়। ওই হামলায় পাঁচজন নিহত হন। এ ক্ষেত্রেও হামলার স্থান প্রকাশ করা হয়নি।
মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা নৌকাগুলোর ওপর ৩০টির বেশি হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তু নৌকাগুলো যে সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ, নিহত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছিলেন—এমন প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়েছেন। ট্রাম্পের অভিযোগ, মাদুরো একটি মাদকচক্র পরিচালনা করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র সরকার তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে।



























