খালেদা জিয়ার তিনটি আসনে বিএনপি থেকে প্রার্থী যারা হবেন, তা জানিয়েছেন সালাহউদ্দিন।
- আপডেট সময় : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরাই এখন দলের প্রার্থী হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আইনে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের আগে তিনি মারা যাওয়ায় তার মনোনয়নবলী বৈধ নয়। তাই বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ থাকায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
বুধবার জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে এগুলোতে বিকল্প প্রার্থী মনোনয়ন পান—ফেনী-১ থেকে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ থেকে মোরশেদ আলম, এবং দিনাজপুর-৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এ তিনজনই এখন বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
সালাহউদ্দিন আহমদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থার বিষয়ে বলেন, “আমাদের নেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। শোক যতই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।”




























