বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর, ৫ জন আটক
- আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত পাঁচজনকে আটক করেছে।
সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি ভবনে গিয়ে দেখা যায়, করিডোর ও মূল ভবনের একাধিক গ্লাস ভাঙা। ইটপাটকেল নিক্ষেপের ফলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিটিআরসি ভবনে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, দুপুর ২টা থেকে মোবাইল ফোন ব্যবসায়ীরা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে তারা ভাঙচুরে জড়ান।
এ সময় বিটিআরসি ভবনের পাশের গলিতে রাখা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) একটি বাসেও ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার দিকে বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় অন্তত পাঁচজনকে আটক করে সেনাবাহিনীর একটি গাড়িতে তোলা হয়।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী এনইআইআর বাস্তবায়ন কার্যক্রম শুরু হওয়ায় মোবাইল ফোন ব্যবসায়ীরা এ সহিংসতায় জড়ান। ভবনের বাইরের দুই পাশের রাস্তা থেকে ঢিল ছুড়ে এই ভাঙচুর চালানো হয়। তবে এ ঘটনায় বিটিআরসির কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি।
উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বুধবার সেই সময়সীমা শেষ হয়।






















