খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপির রাজনীতি এগোবে: রিজভী
- আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২২২৭ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাবে।
শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণের প্রতি তার দেওয়া অঙ্গীকার এবং তার নির্দেশিত পথ ধরেই বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ভবিষ্যতে এগিয়ে যাবে। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার পেছনে ছিল অশুভ উদ্দেশ্য ও কারসাজি।
রিজভী আরও বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হয়।


























