শহীদ হাদি হত্যার বিচার নিয়ে নতুন তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২১১১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিচার এমন একটি বিষয় যেখানে তাড়াহুড়া করার সুযোগ নেই। তবে অপরাধীদের ফিরিয়ে আনার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো শতভাগ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে জড়িত ব্যক্তিরা কোথায় অবস্থান করছেন। অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।’
তিনি জানান, জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া কিছু ইঙ্গিত অনুযায়ী ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা সীমান্ত অতিক্রম করে থাকতে পারেন। ‘যদি আমরা তাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারি, তাহলে ভারতকে জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হবে,’ বলেন তিনি।
মো. তৌহিদ হোসেন আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে। এ বিষয়ে কী পরিমাণ অগ্রগতি হয়, তা সময়ই বলে দেবে।
বিচারের সময়সীমা নির্ধারণ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে ইতোমধ্যে চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা বিচার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। চার্জশিট দাখিল পুলিশের দায়িত্ব এবং তারা তা করবে। এরপর সরকার সার্বিকভাবে সহযোগিতা করবে, যাতে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা যায় এবং শাস্তি নিশ্চিত হয়।
নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ নেই দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য দ্রুত নির্বাচন আয়োজন করা। ‘আমরা নিজেরাই নির্বাচন করতে চাইছি। বাইরের কোনো চাপের প্রশ্নই নেই। এই সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায়।’
তিনি বলেন, সময় খুবই সংক্ষিপ্ত—মাত্র ছয় সপ্তাহ। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই সব বিষয় সমাধান করা সম্ভব হবে।
এর আগে বেলা ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন।
এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























