রাজধানীতে চাইলে যে কোনো সময় ব্যাটারি চালিত রিকশা সরিয়ে ফেলা সম্ভব নয়: সড়ক উপদেষ্টা
- আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, রাজধানী ঢাকা থেকে চালকের জীবিকা ও পরিবারের কথা ভেবে চাইলেই ব্যাটারিচালিত রিকশা তুলে নেওয়া সম্ভব নয়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে আফতাব নগরে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, এসব রিকশা শৃঙ্খলার মধ্যে চলাচল করবে এবং সড়কে যত্রতত্র গাড়ি থামানো বন্ধ করা হবে।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে নগরকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পরে পুরো শহরে ই-রিকশার চলাচল নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।


























