মাদুরোর মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলো চীন
- আপডেট সময় : ০১:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে বেইজিং।
স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় বড় আকারের একটি সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরে প্রায় ২ হাজার ১০০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি ডিটেনশন সেন্টারে তাকে রাখা হয় বলে জানানো হয়েছে।
ঘটনার দিনই এ আটককে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। বেইজিং জানায়, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ঘটনায় তারা ‘গভীরভাবে বিস্মিত ও ক্ষুব্ধ’।
রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, জোরপূর্বক একজন রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের যেকোনো চেষ্টা বন্ধ করা জরুরি। একই সঙ্গে দেশটির সংকট সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেয় বেইজিং।



























