ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে মালয়েশিয়া।
- আপডেট সময় : ০৩:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২১০৫ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ঘটাকে আন্তর্জাতিক আইনের “স্পষ্ট লঙ্ঘন” এবং সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে “বেআইনি শক্তি প্রয়োগ” হিসেবে অভিহিত করেছেন।
রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে আনোয়ার এই পদক্ষেপকে বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য “বিপজ্জনক নজির” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বহিঃশক্তির মাধ্যমে রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক অপসারণ অত্যন্ত বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য।’
প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক শৃঙ্খলার মৌলিক সীমাবদ্ধতাকে হরণ করে। তিনি বলেন, ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার দেশের জনগণের। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জোরপূর্বক নেতৃত্ব পরিবর্তন দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে থাকা ভেনেজুয়েলার পরিস্থিতিতে এমন আক্রমণ আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আনোয়ার ইব্রাহিম আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট মাদুরোর মুক্তি দাবি করেছেন এবং গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যে কোনো প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণ করা অপরিহার্য।



























