বিএনপি নেতা হত্যার ঘটনায় মেয়ে জামাইসহ দুইজন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩)কে হত্যার ঘটনায় তার মেয়ে জামাই ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গ্রেফতাররা হলেন নিহত আলমগীরের মেয়ে জামাই শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলীর ছেলে বাসেদ আলী পরশ এবং প্রতিবেশী আসাবুল ইসলাম সাগর।
পুলিশ জানায়, আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ছিলেন এবং জমি-দোকান ব্যবসা করতেন। শনিবার সন্ধ্যা নাগাদ যশোর মেডিকেল কলেজ সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় শংকরপুর ইসহাক সড়কে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুজন তাকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের সঙ্গে আলমগীরের পারিবারিক ও ব্যবসায়িক মনমালিন্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও হত্যায় সরাসরি জড়িতদের আটক এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে।






















