দ্বিপক্ষীয় বৈঠকে আফগান সন্ত্রাসবাদ মোকাবিলায় জোর দিল পাকিস্তান ও চীন
- আপডেট সময় : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। রোববার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় দেশ দুটি।
বেইজিংয়ে অনুষ্ঠিত পাকিস্তান–চীনের সপ্তম কৌশলগত সংলাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংলাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সহ-সভাপতিত্ব করেন।
সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা, কৌশলগত ও রাজনৈতিক সমন্বয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলিও আলোচনার আওতায় আসে।
যৌথ বিবৃতিতে উভয় পক্ষ আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর ধ্বংস ও নির্মূলে দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তারা জোর দিয়ে বলেন, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা কিংবা অন্য দেশের নিরাপত্তা হুমকির জন্য ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আফগানিস্তানে মধ্যপন্থা অবলম্বন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আফগান কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাদের মতে, এতে দেশটির অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেওয়া সহজ হবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ে আফগানিস্তানের গঠনমূলক ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে।
একই সঙ্গে পাকিস্তান–চীন–আফগানিস্তান ত্রিপাক্ষিক সংলাপ এবং পাকিস্তান–চীন–বাংলাদেশ সহযোগিতা কাঠামোর মাধ্যমে এ লক্ষ্য অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশ দুটি।



























