খালেদা জিয়ার মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি: এমরান সালেহ প্রিন্স
- আপডেট সময় : ১১:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ২১১২ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির জন্য নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এ দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির অন্যতম সাহসী ও জনপ্রিয় নেত্রী, যিনি স্বৈরাচার, দমন-পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে সংগ্রাম করেছেন।
তিনি বলেন, “আজ ধোবাউড়ার আকাশ-বাতাস ভারী হয়ে আছে শোকে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, অসুস্থ শরীর ও সীমাহীন নির্যাতন—কিছুই তাকে আদর্শচ্যুত করতে পারেনি। আপস না করার রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ইতিহাসে বিরল। ক্ষমতার জন্য নয়, তিনি লড়েছেন মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য।”
আবেগাপ্লুত কণ্ঠে সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন,
“আজ আমরা গণতন্ত্রের মাকে হারিয়েছি। আমি দ্বিতীয়বার মাতৃহারা হলাম, জাতি একজন অভিভাবককে হারিয়েছে। কিন্তু তার আদর্শ হারায়নি। বেগম খালেদা জিয়ার শ্রম ও ঘামের বিনিময়ে গড়ে ওঠা বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না। তাঁর দেখানো পথেই আমরা জনগণের পাশে থাকবো এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন,
“এই শোকের দিনে আমাদের শপথ নিতে হবে—শোককে শক্তিতে পরিণত করে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো।”
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ধোবাউড়ায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধোবাউড়ার ইতিহাসে সর্ববৃহৎ এই নাগরিক শোক সভা ও মিছিলে বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও শিক্ষক, মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, সাংবাদিক, ব্যবসায়ী, কর্মজীবী, সাংস্কৃতিক কর্মী, গারো, হাজং, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, শ্রমিক, কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ কালো পতাকা হাতে শোক মিছিলে অংশগ্রহণ করেন। শোক মিছিলের অগ্রভাগে বেগম খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতি বহন করা হয়।
ধোবাউড়া ধাইরপাড়া গরু হাট মাঠে অনুষ্ঠিত নাগরিক শোক সভা শেষে এমরান সালেহ প্রিন্সসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল শোক মিছিল বের করা হয়। মিছিলটি ধোবাউড়া বাজার ব্রিজ, ধান মহাল, সোনালী ব্যাংক মোড়, বাজার, শহীদ মিনার, উপজেলা মোড়, হাসপাতাল মোড়, আদর্শ ডিগ্রি কলেজ, থানা রোড প্রদক্ষিণ করে বাজার ব্রিজে এসে শেষ হয়।
ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন—সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির আবদুল হালিম মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাস উদ্দিন, ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আহসানসহ আরও অনেকে।






















