গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে রিট: এক বেঞ্চের অপারগতার পর অন্য বেঞ্চে উপস্থাপন
- আপডেট সময় : ১২:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২১৪৬ বার পড়া হয়েছে
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে রিটকারী আইনজীবী রিটটি হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য জমা দিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চটি শুনানি নিতে অপারগতা প্রকাশ করেন।
রিটে গত ১১ ডিসেম্বর একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও প্রার্থনা করা হয়।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল গ্রহণ কার্যক্রম শুরু করেছে ইসি।
এ লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রার্থীদের নিজ নিজ অঞ্চল অনুযায়ী নির্ধারিত বুথে আপিল দায়ের করতে হবে।
ইসি দেশকে ১০টি অঞ্চলে ভাগ করেছে। এর মধ্যে ১ নম্বর বুথে (খুলনা অঞ্চল) মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হচ্ছে। ২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চল) জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।
বুথ-৩ (রংপুর অঞ্চল) এ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এবং বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল) এ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।
এ ছাড়া বুথ-৫ (কুমিল্লা অঞ্চল) এ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর; বুথ-৬ (সিলেট অঞ্চল) এ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং বুথ-৭ (ঢাকা অঞ্চল) এ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।
অন্যদিকে বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল) এ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা; বুথ-৯ (বরিশাল অঞ্চল) এ বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এবং বুথ-১০ (ফরিদপুর অঞ্চল) এ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।
আপিল দায়ের কার্যক্রম শেষ হলে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা এসব আপিল নিষ্পত্তি করবেন। এই কার্যক্রম চলবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।


























