চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
- আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২১৪৪ বার পড়া হয়েছে
চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি এ অঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যেই এ সফর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণভাবে অনুসরণ করবেন এবং কোনো ধরনের লঙ্ঘন করবেন না।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বগুড়ায় পৌঁছাবেন।
১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিন রংপুরে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার কর্মসূচি রয়েছে।
১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
এ সময় তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।




























