চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত
- আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২১০৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতের দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতল এলাকার মধ্যবর্তী তক্তারপুলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহপাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে মো. আকিব (১৬)। আবু সুফিয়ান আরমান ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। অপরদিকে আকিব রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর আবু সুফিয়ান আরমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আকিবকে প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, আবু সুফিয়ান আরমানের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অপর কিশোর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















