চুয়াডাঙ্গায় যুবককে শ্বাসরোধ করে হত্যা
- আপডেট সময় : ১২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে (আনুমানিক ৪১) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের গলায় বেল্ট পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের একটি বিলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা গেঞ্জি, কালো হুডি ও নীল রঙের জ্যাকেট।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।






















