দিপু হত্যা মামলায় মরদেহ পোড়ানোর ঘটনায় ‘নেতৃত্বদানকারী’ ইয়াছিন ঢাকায় গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১৪২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও জনতাকে উসকানি দেওয়ার পেছনে ইয়াছিনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি দীপুকে নির্মমভাবে মারধর করার পর রশি দিয়ে টেনে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে মরদেহ পোড়ানোর ঘটনাতেও নেতৃত্ব দেন।
ওই কর্মকর্তা জানান, ইয়াছিন ভালুকার স্থায়ী বাসিন্দা হলেও গত ১৮ মাস ধরে কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। হত্যাকাণ্ডের পর ১২ দিন পলাতক ছিলেন এবং ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় পরিচয় গোপন করে শিক্ষক হিসেবে কাজ করেছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।






















