প্রশাসনের পক্ষপাত নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব
- আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১২৮ বার পড়া হয়েছে
নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনের সময় কেউ সংক্ষুব্ধ হলে এমন অভিযোগ করা স্বাভাবিক। এটি নতুন কোনো বিষয় নয়। তবে মাঠ প্রশাসনের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনে বড় কোনো রদবদল বা কর্মকর্তাদের বদলির গুঞ্জন প্রসঙ্গে তিনি জানান, আপাতত সরকার এ নিয়ে কিছু ভাবছে না। বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারে। তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাউকে বদলির প্রয়োজন মনে করে, তবে তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ড. শেখ আব্দুর রশীদ আরও জানান, সরকারের প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং বর্তমান জনবল ও কাঠামো দিয়েই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তিনি আহ্বান জানান, অহেতুক অভিযোগে বিভ্রান্ত না হয়ে প্রশাসনকে স্বাভাবিকভাবে কাজ করতে দিতে।


























