জাজিরার বোমা বিস্ফোরণে আহত যুবকের ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
- আপডেট সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় নবী হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় আহত নয়ন হোসেন (২৫) বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নবী হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, নিহত নবী হোসেনের বাবা রহিম সরদার। নবী পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। আহত নয়ন হোসেনের বাবা জয়নাল। তাদের দুজনেরই বাড়ি একই গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে একটি টিনশেড ঘরের ভেতরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নবী ও নয়ন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।






















