দলবদলের হাওয়া শরীয়তপুরে, আওয়ামী লীগ ও বিজেপির তিন শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
- আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১২৬ বার পড়া হয়েছে
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
নবাগতদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময় তিনি নানা নির্যাতনের শিকার হয়েছেন। এসব অভিজ্ঞতার কারণে আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন, যাতে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।
নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিবার গড়ে তোলাই তাদের লক্ষ্য। হিংসা ও বিভেদ ভুলে সম্মিলিতভাবে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর বিনির্মাণে কাজ করতে চান তারা।




























