দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৬ ডিভাইসসহ ১৮ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১৩০ বার পড়া হয়েছে
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার ১১টি পরীক্ষাকেন্দ্র থেকে ১৬টি ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিভিন্ন কেন্দ্র থেকে গ্রেপ্তারদের সংখ্যা হলো— ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল থেকে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ থেকে ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে ১ জন, জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, মিউনিসিপাল হাই স্কুল থেকে ১ জন, নূরজাহান কামিল মাদ্রাসা থেকে ৫ জন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে ২ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।






















