খেলা নিয়ে বিরোধে সংঘর্ষ, ছেলেকে রক্ষা করতে গিয়ে মায়ের প্রাণহানি
- আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে হাতাহাতির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। এ ঘটনায় একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে মো. সুজন (৩০)-কে অভিযুক্ত করা হয়েছে।
নিহতের স্বামী শওকত হোসেন জানান, বাড়ির পাশের একটি মাঠে কয়েকজন যুবক ব্যাডমিন্টন খেলছিল। এ সময় তাদের ছেলে শাওন খেলা দেখতে মাঠের পাশে বসে ছিল। রাত ১০টার দিকে শাওন খেলোয়াড়দের খেলা বন্ধ করতে বললে কথা কাটাকাটি শুরু হয়। এর মধ্যেই বিদ্যুতের অবৈধ সংযোগের একটি তার ছিঁড়ে পাশের একটি বাতি নিভে যায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুজন শাওনকে মারধর শুরু করেন। ছেলেকে রক্ষা করতে সাবিনা ইয়াসমিন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি আরও জানান, পরে সাবিনাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. লাল চান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।






















