সরকার কোনো রাজনৈতিক দলকে অগ্রাধিকার বা অতিরিক্ত সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব
- আপডেট সময় : ০৪:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১২৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইইউ জানিয়েছে, তারা আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি, কারণ তারা আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য মনে করেনি।
প্রেস সচিব বলেন, “নির্বাচনে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না। সোশ্যাল মিডিয়া হতে পারে বড় চ্যালেঞ্জ, যেখান থেকে মিসইনফরমেশন ছড়িয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত।”
তিনি জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো আছে। বাংলাদেশে কিছু হত্যাকাণ্ড ঘটলেও সরকার তা পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি ঘটনায় আসামি গ্রেফতার করা হয়েছে।
শফিকুল আলম বলেন, “গণভোটে অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা সকলকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ যোগ করেন, “নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার করা হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মন্তব্য এড়িয়ে চলুন।”


























