মেঘনা নদীতে ট্রলার ডুবে ৪ জেলে নিখোঁজ
- আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১১০ বার পড়া হয়েছে
মেঘনা নদীর বরিশাল অংশে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৪টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫) এ তথ্য জানান।
নিখোঁজ জেলেরা হলেন পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।
শামিম জানান, শুক্রবার রাতে তারা পাঁচজন একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল পেতে নোঙর করা অবস্থায় ট্রলারে ঘুমিয়ে ছিলেন তারা। রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ ট্রলারটি ডুবে গেলে ঘুমন্ত অবস্থায় সবাই নদীতে ছিটকে পড়েন। এরপর তীরে ওঠার জন্য সাঁতার কাটতে শুরু করেন তারা।
তিনি বলেন, অন্য জেলেদের সহায়তায় তিনি কোনোভাবে তীরে উঠতে পারলেও বাকি চারজন আর উঠতে পারেননি। দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিতভাবে বলতে না পারলেও তার ধারণা, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যেতে পারে।
এ বিষয়ে রোববার (১১ জানুয়ারি) বিকেলে নৌ-পুলিশের হিজলা স্টেশন ইনচার্জ (ওসি) গৌতম চন্দ্র জানান, নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজন উদ্ধার হলেও বাকি চারজনের এখনও কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।






















