এই মুহূর্তে ভারতে বাংলাদেশ দলের ক্রিকেট খেলা সম্ভব নয়: আসিফ নজরুল
- আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১৪১ বার পড়া হয়েছে
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্ক বর্তমানে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে চলমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ ও ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে সেখানে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, গত ১৬ মাস ধরে ভারতে যে বাংলাদেশবিরোধী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা নিরাপদ নয়। তিনি দাবি করেন, বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপে পড়ে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে।
তিনি আরও বলেন, ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ইতোমধ্যে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আইসিসি এ আবেদন নাকচ করে ভারতের ভেতরেই চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে—এমন গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে আসিফ নজরুল বলেন, “চেন্নাই বা তিরুবনন্তপুরম—দুটিই ভারতেই। আমাদের অবস্থান পরিষ্কার, ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু পরিবর্তন করা হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা যেতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই।” তিনি আশা প্রকাশ করেন, আইসিসি যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং কোনো একক দেশের প্রভাবমুক্ত থাকে, তবে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে।
জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির আবেদনের আনুষ্ঠানিক জবাব দিতে পারে আইসিসি। এ ছাড়া নিরাপত্তার ঘাটতি সংক্রান্ত আইসিসির পাঠানো একটি চিঠির কথাও উল্লেখ করেন আসিফ নজরুল, যা শিগগিরই সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের পরামর্শে ছেড়ে দেওয়ার ঘটনার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে সেখানে যেতে অনিচ্ছুক বাংলাদেশ দল। এদিকে, বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে।


























