রংপুরে স্পিরিট পানে প্রাণ গেল দুই যুবকের
- আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘রেকটিফাইড স্পিরিট’ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি জানাজানি হয় সোমবার (১২ জানুয়ারি) সকালে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন—বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) এবং শিবপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামে মাদক কারবারি জয়নুল আবেদিনের কাছ থেকে ‘রেকটিফাইড স্পিরিট’ কিনে তা পান করেন ওই দুই যুবক। পরে তারা অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে একজন নিজ বাড়িতে মারা যান এবং অপরজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।
স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ‘রেকটিফাইড স্পিরিট’সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হয়ে আসছে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই এই অবৈধ স্পিরিট বিক্রির বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। মাদক কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘রেকটিফাইড স্পিরিট’ পান করেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।






















