গোপালগঞ্জে বাবা-মাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ
- আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর এবং উঠানে কবর খুঁড়ে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন—রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান।
ভুক্তভোগী সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে তারা উঠানে কবর খুঁড়ে বাবা-মাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তারা প্রাণে রক্ষা পান।
স্থানীয় প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি উঠানে কবর খোঁড়া হয়েছে। তখনই বিষয়টি সবাইকে জানাই।’
ভুক্তভোগী আসমা বেগম অভিযোগ করে বলেন, ‘যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের ভরণপোষণ করে না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের ওপর হামলা করে।’
এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মুঠোফোনে জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






















