কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২১১২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম শহরে ট্রাকচাপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের তারামন বিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলারপাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















