রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে আলোচ্য বিষয়সমূহ
- আপডেট সময় : ০৬:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ২১১৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বুধবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। পরে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ আগস্ট শপথ নেন। সংবিধান অনুযায়ী অবসরের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি শনিবার (২৭ ডিসেম্বর) অবসর গ্রহণ করেন।


























