ইরানের সমর্থনে দৃঢ় অবস্থানে সৌদি আরব
- আপডেট সময় : ০২:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সতর্কতার প্রেক্ষাপটে সৌদি আরব স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।
বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপিকে। ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে—এমন আশঙ্কার মধ্যেই সৌদি আরব এই বার্তা ইরানকে পৌঁছে দেয়।
এদিকে ইরান সতর্ক করে বলেছে, নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর পাল্টা আঘাত হানবে।
সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানান, ‘সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের অংশ তারা হবে না। এ ধরনের অভিযানের জন্য সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।’
সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে, এই বার্তাটি ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে।



























