গাইবান্ধায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মহসিন আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রলগাছা এলাকার বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় স্টেশনসংলগ্ন এলাকায় রেললাইন পারাপারের সময় মহসিন আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মহসিন আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






















