ইরানের দৃষ্টিতে ট্রাম্প ‘ক্রিমিনাল’: খামেনি
- আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ‘ক্রিমিনাল’ হিসেবে দেখছে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (১৭ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খামেনি বলেন, ইরানে চলমান বিক্ষোভ চলাকালে হতাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ইরানি জনগণের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ট্রাম্পকে অপরাধী মনে করে তেহরান।
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত খামেনির বক্তব্যে বলা হয়, ‘ইরানবিরোধী সর্বশেষ বিক্ষোভটি আগেরগুলোর থেকে আলাদা ছিল। কারণ এতে মার্কিন প্রেসিডেন্ট নিজে সরাসরি জড়িত ছিলেন।’
তিনি আরও অভিযোগ করেন, দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। খামেনির ভাষ্য অনুযায়ী, বিদেশি সংশ্লিষ্ট ব্যক্তিরাই ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী।
খামেনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কয়েক হাজার মানুষের প্রাণহানির জন্য দায়ী।’ তার দাবি, টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে এসব সহিংসতায় দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইরানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ অস্থিরতার জন্য বিদেশি শক্তিগুলোর দিকে আঙুল তুলে আসছে। তাদের অভিযোগ, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে অস্থিতিশীলতা উসকে দিতে এবং গোপন তৎপরতা চালাতে জড়িত।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে তা বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে রূপ নেয়। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হন। ইরানের দাবি অনুযায়ী, এতে নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য প্রাণ হারিয়েছেন।



























