পাবনায় বিল থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রী মোছা. সুরাইয়া খাতুন (১৩) ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সুরাইয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
সুরাইয়ার সন্ধান না পেয়ে তার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রবিবার সকালে স্থানীয়রা বিলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি জানান, নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






















