সরকারবিরোধী আন্দোলনে উত্তপ্ত ইসরাইল
- আপডেট সময় : ০৪:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
গাজায় নিহত শেষ জিম্মি রন গিভিলির দেহাবশেষ ফিরিয়ে আনার দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ জোরালো হয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পেছনে থাকা ব্যর্থতাগুলো তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।
হিব্রু গণমাধ্যম ও বিক্ষোভ আয়োজকদের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল শনিবার (১৭ জানুয়ারি) জানায়, তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত সাপ্তাহিক সরকারবিরোধী প্রধান বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের হামলা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকারের অস্বীকৃতির প্রতিবাদে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা সমবেত হন।
জানা গেছে, রাষ্ট্রীয় তদন্ত কমিশনের পরিবর্তে ক্ষমতাসীন জোট রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে। এ উদ্যোগকে প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনারও বিরোধিতা করেন। তাদের অভিযোগ, এই সংস্কারের লক্ষ্য আদালতের ক্ষমতা খর্ব করা।
বিক্ষোভে বক্তব্য দেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান মোশে ইয়ালোন। তিনি চলতি সপ্তাহে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনাপ্রবাহের সঙ্গে ইসরাইল সরকারের আচরণের তুলনা করেন এবং ইরানের শাসনব্যবস্থাকে ‘কর্তৃত্ববাদী’ বলে অভিহিত করেন।
ইয়ালোনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, তিনি বলেন, ‘ইসরাইলের সামনে কোনো বাহ্যিক অস্তিত্বগত হুমকি নেই, তবে আমাদের জন্য প্রকৃত হুমকি হচ্ছে অভ্যন্তরীণ।’
চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ইঙ্গিত করে ইয়ালোন আরও বলেন, ‘তিনি দেখছেন ইরানে কীভাবে শাসকগোষ্ঠী বিক্ষোভকারীদের মোকাবিলা করছে এবং তাতে তিনি ঈর্ষান্বিত।’
এদিকে, রন গিভিলির নিজ শহর মেইতারেও তার দেহাবশেষ ফিরিয়ে আনার দাবিতে পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



























