গণশিক্ষা উপদেষ্টা বললেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নয়।
- আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার গণভোটে পুরোপুরি নিরপেক্ষ নয়, বরং পক্ষপাতমূলক। মঙ্গলবার (২০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. পোদ্দার বলেন, “জুলাইয়ে জনগণের যে গণআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, তার পাশে সরকার থাকবে। এই অর্থে সরকার পক্ষপাতমূলক। তবে হ্যাঁ ভোট মানুষের বৃহত্তর স্বার্থে, যাতে সমাজে পরিবর্তন আসে, গণতন্ত্র বজায় থাকে এবং বৈষম্য কমে।”
তিনি আরও বলেন, “যদি জনগণ হ্যাঁ ভোট দেন, তবে সরকারের বাইরে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের সেই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। এজন্যই এই গণভোট আয়োজিত হয়েছে।”
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা নিরপেক্ষ থাকবেন, কোনো দলের পক্ষে কাজ করবেন না। অন্যথায় আপনার নৈতিকতা ক্ষুণ্ণ হবে এবং ভোট পরিচালনায় সমস্যা হবে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বলেন, “ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যেতে আগ্রহী হয়, তা নিশ্চিত করতে হবে। সেইসাথে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোও গুরুত্বপূর্ণ।”
সভায় জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, স্থানীয় সরকার উপ-পরিচালক, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা কমান্ডার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।


























