সংসদ নির্বাচনের লড়াইয়ে থাকছেন ১,৯৬৭ প্রার্থী, প্রত্যাহার করেছেন ৩০৫ জন
- আপডেট সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৯৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জনে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে দেশের ২৯৮টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি সূত্রে জানা গেছে, ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৩৯ জন আপিল করলে আপিলের মাধ্যমে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চালানো যাবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।


























