এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
- আপডেট সময় : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় এবার ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে বসানো ২৫ হাজার ৫০০ ‘বডি অন ক্যামেরা’ থেকে পাওয়া ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হয়ে কুইক রেসপন্স নিশ্চিত করবে।
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে প্রধান উপদেষ্টা সম্প্রতি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেছেন। ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের সময় সশস্ত্র বাহিনী রিটার্নিং কর্মকর্তার অধীনে কাজ করবে। এতে থাকবেন ১ লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তা ও নজরদারির জন্য ৫০০ ড্রোনও ব্যবহার করা হবে।
শফিকুল আলম বলেন, নির্বাচনে পাবনা-১ ও ২ আসন নিয়ে কিছু শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ৩০০ আসনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে অংশ নিচ্ছেন ১,৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১,০৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ‘নির্বাচনী সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান প্রেস সচিব।


























