একযোগে ৮ উপজেলার ইউএনও বদলি
- আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের (ইসি) সম্মতিতে আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, পাথরঘাটা উপজেলার ইউএনও ইশরাত জাহানকে চরফ্যাশন উপজেলায় এবং চরফ্যাশন উপজেলার ইউএনও মো. লোকমান হোসেনকে পাথরঘাটায় বদলি করা হয়েছে। জীবননগর উপজেলার ইউএনও মো. আল-আমীনকে নগরকান্দায় এবং বাহুবল উপজেলার ইউএনও লিটন চন্দ্র দেকে জীবননগরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ভান্ডারিয়া উপজেলার ইউএনও রেহেনা আক্তারকে ধুনটে, ধুনট উপজেলার ইউএনও প্রীতিলতা বর্মনকে বাহুবলে, নগরকান্দা উপজেলার ইউএনও মেহরাজ শারবীনকে কলমাকান্দায় এবং কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানকে ভান্ডারিয়ায় বদলি করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নিজ নিজ কর্মস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।
বদলিকৃত কর্মকর্তাদের আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২২ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন তারা। নির্বাচন কমিশনের সম্মতির পর জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সম্মতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করতে হয়। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


























