ক্ষমতায় এলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি: তারেক রহমান
- আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এ কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারী সুবিধা পাবেন। একই সঙ্গে কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষক কার্ড’।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। তিনি বলেন, প্রকৃত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণ তাদের জবাবদিহির আওতায় রাখতে পারে। শহরের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সুশাসন নিশ্চিত করতেও গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই।
বিদেশে যেতে আগ্রহীদের জন্য বহুমাত্রিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে কারিগরি শিক্ষার আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, গত ১৭ বছর ধরে দেশ-বিদেশে ঘুরে এবং দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকেই এসব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

























