এখনও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি: মঞ্জু
- আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২১১১ বার পড়া হয়েছে
নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। গতকালও বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া গেছে। ঢাকায় নারীদের ওপর আঘাতের ঘটনা ঘটেছে এবং চট্টগ্রামে অভিযানে গিয়ে একজন র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা শুধু একটি জায়গায় নয়, দেশের বহু এলাকায় ঘটছে। পাশাপাশি আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি আরও বলেন, প্রশাসন বড় দল, ছোট দল কিংবা মাঝারি দলের মধ্যে কোনো বৈষম্য করা হবে না বলে আশ্বস্ত করেছে। তবে বাস্তবে এখনো প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত হয়নি। দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের বিষয়ে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হবো।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে স্থানীয় পর্যায়ে বড় ধরনের উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। ঐকমত্য কমিশনে এসব দাবি উত্থাপন করে আমরা আলোচনা করেছি। তবে দুর্ভাগ্যজনকভাবে যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে, তারা আলোচনায় নোট অব ডিসেন্ট দিয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো একটি দল যদি এককভাবে ক্ষমতায় আসে, তাহলে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নাও হতে পারে। এমনকি কেউ কেউ না-ভোট দেওয়ার কথাও বলছেন। আমরা চাই, গণভোটে সবাই হ্যাঁ ভোট দিক।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার এমনভাবে প্রয়োগ করেন, যাতে তারা যে উন্নত দেশগুলোতে বসবাস করছেন, সেসব দেশের মতো পরিবর্তন এ দেশেও আনা যায়। প্রবাসীদের ভোটেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে—সে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।




























