যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচে তিন শিশু
- আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক ভারতীয় নাগরিকের গুলিতে তার স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। তবে ঘটনার সময় ঘরের ভেতরে থাকা তিন শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি বাসভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল এক শোকবার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কনস্যুলেট জানায়, পারিবারিক কলহ থেকে সৃষ্ট এই গুলিবর্ষণের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স৫-এর বরাতে জানা যায়, গ্রেফতার ব্যক্তি বিজয় কুমার (৫১), যিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে চারটি হত্যাসহ গুরুতর হামলা এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার একাধিক অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করা হয়, যাদের শরীরে গুলির চিহ্ন ছিল।
গুলির সময় বাড়ির ভেতরে কুমারের ১২ বছর বয়সী সন্তানসহ তিন শিশু উপস্থিত ছিল। প্রাণ বাঁচাতে তারা একটি আলমারিতে আশ্রয় নেয়। পরে এক শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ পৌঁছানোর পেছনে ওই ফোনকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে শিশুদের পরিবারের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।



























