ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, ১৫ জন আহত
- আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকের চালক নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ শেখ (৩০)। তাদের বাড়ি ফরিদপুর শহরতলীর ধলার মোড় এলাকায়। দুর্ঘটনার সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী “সপ্তবর্ণা” নামের যাত্রীবাহী বাস নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ শেখ নিহত হন। গুরুতর আহত ট্রাক চালক নবীন শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যান্য আহতদের মধ্যে অনেককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মামুন হোসেন জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।






















